২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে তুমুল ঝড় তুলেছিল ওয়েব সিরিজ ‘ফর্জি’। সেই থেকেই এর দ্বিতীয় সিজন কবে আসবে, তা নিয়ে প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। নির্মাতাদের তরফে সম্প্রতি জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হচ্ছে ‘ফর্জি ২’-এর কাজ।
প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন শাহিদ কাপুর। জানা গিয়েছে, প্রথম সিজনের জন্য প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা। তবে দ্বিতীয় সিজনে সেই অঙ্ক বেড়ে দাঁড়াচ্ছে ৪০ থেকে ৪৫ কোটি টাকার মধ্যে।
শুধু শাহিদই নন, সিরিজের অন্যান্য তারকারাও পারিশ্রমিক বৃদ্ধির তালিকায় রয়েছেন। পুলিশের চরিত্রে অভিনয় করা বিজয় সেতুপতির অভিনয়ও দর্শকমহলে সাড়া ফেলেছিল। প্রথম সিজনে তিনি প্রায় ৭ কোটি টাকা পেয়েছিলেন বলে জানা যায়। দ্বিতীয় সিজনে তাঁর পারিশ্রমিকও উল্লেখযোগ্য হারে বাড়ছে। খলনায়কের ভূমিকায় অভিনয় করে কেকে মেনন প্রথম সিজনে পেয়েছিলেন আনুমানিক ২.৫ কোটি টাকা। অন্যদিকে, দক্ষিণী অভিনেত্রী রাশি খন্না পেয়েছিলেন প্রায় ১.৫ কোটি টাকা। দ্বিতীয় সিজনে তাঁদের পারিশ্রমিকও বাড়তে চলেছে বলে সূত্রের খবর।
অভিনেতাদের পারিশ্রমিকের পাশাপাশি গোটা প্রযোজনার বাজেটেও দেখা যাচ্ছে বিরাট বৃদ্ধি। প্রথম সিজন তৈরি হয়েছিল প্রায় ৮০ কোটি টাকায়, সেখানে দ্বিতীয় সিজনের বাজেট বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ২৭৫ কোটি টাকায়। এছাড়া, বেশ কিছু শুটিং বিদেশেও করবার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের শেষদিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে ‘ফর্জি ২’ ।
