২০২৬ – ২৭ অর্থবর্ষে ত্রিপুরার বাজেট ৫.৫২% বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন রাজ্যের বাজেট গত বছরের তুলনায় প্রায় ৫.৫২% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বর্তমান সরকার মোট ৪১% ডিএ এবং ডিআর প্রদান করেছে এবং ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এর জন্য তহবিল বরাদ্দও বৃদ্ধি করেছে। আজ রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব পেশ করার পর বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিধানসভা প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ ত্রিপুরা বিধানসভায় ২০২৬ এর বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এত সুন্দর বাজেট পেশ করায় আমি তাঁকে ধন্যবাদ জানাই। এবারের বাজেটে দেখা গেছে ২০২৫ – ২৬ অর্থ বছরে যে বাজেট ছিল ৩২,৪২৩.৪৪ কোটি টাকা। আর এবার ২০২৬ – ২৭ অর্থ বছরে যে বাজেট হয়েছে সেখানে ৩৪,২১২.৩১ কোটি টাকা রাখা হয়েছে। যা ২০২৫ – ২৬ এর তুলনায় ৫.৫২% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিকে আরো চাঙ্গা করার লক্ষ্যে মূলধন ব্যয়ের উপর  জোর দেওয়া হয়েছে।

ডাঃ সাহা জানান, ২০২৫ – ২৬ অর্থ বছরের বাজেটে ব্যয় ৭৯০৩.২৬ কোটি টাকা অনুমান করা হয়েছিল। ২০২৬ – ২৭ অর্থ বছরে সেটা ৮৯৪৫.৯২ কোটি টাকা অনুমান করা হয়েছে। যা ২০২৫ – ২৬ অর্থ বছরের তুলনায় ১৩.১৯% বৃদ্ধি পেয়েছে। ২০২৬ – ২৭ অর্থ বছরে রাজ্য সরকার টিটিএএডিসিকে মোট ৯১৮.৮২ কোটি টাকা প্রদান করবে, যা ২০২৫ – ২৬ অর্থ বছরে ৮৬০.২১ কোটি টাকা ছিল। মুখ্যমন্ত্রী আরো জানান, নতুন কোন কর কার্যকর হয়নি। স্বাস্থ্য খাতে ২৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা গত বছরের তুলনায় ২৫.২৯% বৃদ্ধি হয়েছে। গ্রামীণ উন্নয়নের জন্য ৪,০৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৭.৫০% বেশি। কৃষিতে ১,৯৮৫.৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ৫.৩১% বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে ৬,৪৩৯.৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪.৪৩% বৃদ্ধি পেয়েছে।

ডাঃ সাহা আরও ঘোষণা করেন, রাজ্য সরকার ধলাই জেলা হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া, বিশ্রামগঞ্জ এবং খোয়াইতে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতালে মা ও শিশুদের কেয়ার ইউনিট এবং গোমতিতে একটি নতুন পিএইচসি খোলা হবে। ২০টি পিএইচসি এবং ৯টি সিএইচসিতে স্বাস্থ্য সুবিধার উন্নয়ন করা হবে। গোমতিতে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা ,ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস স্থাপন করা হবে। একটি আইটি পার্ক এবং আরও কিছু উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগে আমরা ৩৬% দিয়েছিলাম, এখন আরও ৫% যোগ করা হয়েছে। একটি ভাল পরিমাণ ডিএ পাওয়া যাবে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *