১৪ উইকেট নিয়েও আইসিসি বোলিং ক্রমতালিকায় শীর্ষে নেই বরুণ চক্রবর্তী!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া সত্ত্বেও বোলারদের আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন বরুণ চক্রবর্তী। সর্বাধিক উইকেটের তালিকায় সতীর্থ জসপ্রীত বুমরাহের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তিনি।

বিশ্বকাপে বরুণের উইকেটসংখ্যা উল্লেখযোগ্য হলেও তাঁর বোলিং ইকোনমি বেশ চড়া। ৯ ম্যাচে ৩১ ওভার বল করে তিনি দিয়েছেন ২৮৭ রান। অতিরিক্ত রান খরচ করার কারণেই রেটিং পয়েন্ট কমে যায় তাঁর। ফলে নতুন তালিকায় শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তাঁর পয়েন্ট ৭৫৩। বরুণের পয়েন্ট ৭৪০। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ, তাঁর পয়েন্ট ৭৩৬।

ভারতের আর এক বোলারও প্রথম দশে জায়গা ধরে রেখেছেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বুমরাহ। ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি রেট ৬.১৪,যা এই টুর্নামেন্টে অন্যতম সেরা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭০২।

অন্যদিকে, ব্যাটারদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বিশ্বকাপে দু’টি ম্যাচ ছাড়া উল্লেখযোগ্য রান না পেলেও তাঁর মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭৫। বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ,তাঁর পয়েন্ট ৮৭১। বিশ্বকাপে সর্বাধিক রান করে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান। তাঁর পয়েন্ট ৮৪৮।

প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। সপ্তম স্থানে রয়েছেন তিলক বর্মা (৭৪২) এবং নবম স্থানে সূর্যকুমার যাদব (৭২২)। যদিও সাম্প্রতিক তালিকায় দু’জনেরই অবস্থান কিছুটা নেমেছে। এ বারের বিশ্বকাপে চমক দেখিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৭।

বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাবেই আইসিসির ক্রমতালিকায় এই পরিবর্তন দেখা গিয়েছে। আগামী ম্যাচগুলিতে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে তালিকার শীর্ষস্থানে কে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *