মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ ভারতে, বাড়ল রান্নার গ্যাসের দাম!

ইরান – ইজরাইলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। বাণিজ্যিক গ্যাসের পর এক ধাক্কায় বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দামও। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬০ টাকা, যার ফলে আবারও চাপ বাড়ছে সাধারণ মানুষের পকেটে।

নতুন দামের ফলে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৯৩৯ টাকা। অর্থাৎ এবার থেকে প্রতিটি সিলিন্ডার কিনতে বাড়তি ৬০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের।

এর আগে মাত্র পাঁচ দিন আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। আগে যেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৯০ টাকা। অর্থাৎ সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ১ মার্চ থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম।

মনে করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির কারণেই জ্বালানির দামে এই বৃদ্ধি। বিশেষ করে ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ ও পরিবহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি আমদানি-রপ্তানি হয়।

ফলে ওই অঞ্চলের অস্থিরতার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আরও একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহস্থরা এখন ২১ দিনে মাত্র একটি সিলিন্ডার কিনতে পারবেন।

ভারত সরকার জানিয়েছে, আপাতত দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে সমস্যা তৈরি হলে বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়া জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে আমেরিকাও শর্তসাপেক্ষে ভারতকে তেল আমদানির অনুমতি দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়ছে। ফলে আগামী দিনে জ্বালানির দাম ও সরবরাহে আরও পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *