স্টিল শিল্পে কার্টেল সন্দেহ: টাটা স্টিল, জেএসডব্লিউ ও সেলের বিরুদ্ধে CCI–র বড় অভিযোগ

ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (CCI) জানিয়েছে, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল এবং রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL) অন্তত ২০১৫ সাল থেকে ইস্পাতের দাম নিয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করেছে। ২০২৫ সালের ৬ অক্টোবরের একটি গোপন CCI আদেশে এই তথ্য উঠে এসেছে, যা প্রথমবার প্রকাশ্যে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

এই মামলায় ৫৬ জন শীর্ষ আধিকারিককেও দায়ী করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেএসডব্লিউ স্টিলের এমডি সাজ্জন জিন্দাল এবং টাটা স্টিলের সিইও টি. ভি. নরেন্দ্রন। এই তদন্ত শুরু হয় ২০২১ সালে, যখন নির্মাণ সংস্থাগুলি অভিযোগ করে যে ইস্পাত সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে জোগান কমিয়ে দাম বাড়াচ্ছে। পরে তদন্তের পরিসর বাড়িয়ে ৩১টি সংস্থা ও শিল্প সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়। CCI–র নথিতে হোয়াটসঅ্যাপ বার্তার উল্লেখ রয়েছে, যেখানে দাম ঠিক করা ও উৎপাদন কমানোর ইঙ্গিত মিলেছে। এখন এই সিদ্ধান্ত CCI–র শীর্ষ কর্তাদের পর্যালোচনার মধ্যে দিয়ে যাবে। চূড়ান্তভাবে দোষ প্রমাণিত হলে, সংস্থাগুলিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *