সিনেমার প্রচারে বিয়ের সাজে মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্র, বাস্তবে নয় বিয়ের পিঁড়িতে

বলিউডে নতুন করে আলোচনায় অভিনেত্রী মহিমা চৌধুরী ও জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্র। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ৫২ বছর বয়সী মহিমাকে লাল বেনারসি ও সিঁথিতে সিঁদুরে বিয়ের সাজে দেখা যায়, পাশে ৬২ বছর বয়সী সঞ্জয় মিশ্র বর বেশে। ভিডিওতে দু’জনকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়, অতিথিরা শুভেচ্ছা জানাচ্ছেন, আর মহিমা মিষ্টি খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন—সব মিলিয়ে যেন এক বাস্তব বিয়ের দৃশ্য।

এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা—তাহলে কি সত্যিই বিয়ে করলেন মহিমা ও সঞ্জয়? বহু অনুরাগী শুভেচ্ছা জানাতে শুরু করেন, আবার কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন তোলেন, এতদিন পর হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই দৃশ্য বাস্তব নয়, বরং এটি তাঁদের নতুন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’-র প্রচারণার অংশ। ছবিতে সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মহিমা চৌধুরী। ছবির মোশন পোস্টার প্রকাশের পরই এই বিয়ের সাজে তাঁরা হাজির হন, যা ছিল এক অভিনব মার্কেটিং কৌশল।

মহিমা চৌধুরী দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন এই ছবির মাধ্যমে। সঞ্জয় মিশ্রের সঙ্গে তাঁর রসায়ন এবং প্রচারের কৌশল ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ছবিটি একটি সামাজিক-হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি, যেখানে দ্বিতীয় বিয়ের প্রেক্ষাপটে নানা নাটকীয়তা উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *