রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে অভিনয় করছেন বিবেক ওবেরয়, ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করবেন পারিশ্রমিক

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ চলচ্চিত্রে বিভীষণের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তবে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এক পয়সাও পারিশ্রমিক নিচ্ছেন না। তাঁর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক মানবিক উদ্দেশ্য—চলচ্চিত্র থেকে প্রাপ্ত সম্ভাব্য পারিশ্রমিক তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করতে চান

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি প্রযোজক নমিত মলহোত্রকে স্পষ্টভাবে জানিয়েছি, এই ছবিতে অভিনয়ের জন্য আমি কোনও পারিশ্রমিক নেব না। বরং সেই অর্থ আমি ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় দান করতে চাই। এভাবেই আমি তাঁদের পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, “এই ছবিটি নিঃসন্দেহে ভারতীয় সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে”।

‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর রামের ভূমিকায়, যশ রাবণের চরিত্রে এবং সাই পল্লবী সীতার ভূমিকায় অভিনয় করছেন। বিবেকের মতে, বিভীষণের চরিত্রটি তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। তিনি বলেন, “রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক—এই বিতর্ক দীর্ঘদিনের। আমি বিশ্বাস করি এটি এক ঐতিহাসিক কাহিনি, এবং এই ছবির অংশ হতে পারা আমার জন্য গর্বের”।

বিবেক ওবেরয়ের এই সিদ্ধান্ত বলিউডে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। যেখানে অধিকাংশ অভিনেতা পারিশ্রমিক নিয়ে আলোচনায় থাকেন, সেখানে বিবেক তাঁর সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত তুলে ধরেছেন। তাঁর এই মানবিক পদক্ষেপ ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং চলচ্চিত্র জগতেও ইতিবাচক বার্তা পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *