GST হ্রাসের সুফল, অক্টোবর মাসে দেশে বাইক ও স্কুটারের বিক্রিতে রেকর্ড বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারের জিএসটি হ্রাসের সিদ্ধান্তের পর অক্টোবর মাসে দেশে বাইক ও স্কুটারের বিক্রিতে নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। উৎসবের মরশুমে এমনিতেই যানবাহন বিক্রির প্রবণতা বাড়ে, তবে এ বছর ৩৫০ সিসি পর্যন্ত টু-হুইলারে GST হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করায় বিক্রিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

সরকারি বাহন পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে সাড়ে ১৮ লক্ষ টু-হুইলারের রেজিস্ট্রেশন হয়েছে, যা এক মাসে সর্বোচ্চ রেকর্ড। শহর ও গ্রাম— দুই বাজারেই বিক্রির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, GST হ্রাসের ফলে ১০ শতাংশ পর্যন্ত দাম কমেছে বাইক ও স্কুটারের, যা মধ্যবিত্ত ক্রেতাদের জন্য স্বস্তির খবর। Honda Activa, Hero Splendor, Royal Enfield Classic 350-এর মতো জনপ্রিয় মডেলগুলির অন-রোড দাম আগের তুলনায় অনেকটাই কম পড়ছে।

উৎসবের আবহে এই মূল্যছাড় এবং সরকারের নীতিগত পদক্ষেপ মিলিয়ে টু-হুইলার শিল্পে নতুন উদ্দীপনা এসেছে বলে মনে করছেন শিল্প মহল। আগামী মাসগুলিতে এই প্রবণতা বজায় থাকলে উৎপাদন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *