আমবাসায় অস্বস্তিকর পরিস্থিতি: দলীয় ব্যারিকেডে আটকে প্রতিমা ভৌমিক, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

ধর্মনগরে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আমবাসায় আচমকা উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কনভয়কে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ, যা ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনাস্থলে প্রতিমা ভৌমিক ক্ষোভে ফেটে পড়ে বলেন, “স্বদলীয় ব্যারিকেডেই আমাকে আটকানো হচ্ছে। বনধের দিন যখন টিসিএস অফিসারদের মারধর করা হচ্ছিল, তখন ব্যারিকেড কোথায় ছিল?”

শান্তির বাজারে সম্প্রতি সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা বনধ ডেকেছিল, তারা জনজাতি সমাজের নামে অসভ্যতা করেছে। অথচ সেই সমাজকেই ক্ষতিগ্রস্ত করেছে।” তাঁর প্রশ্ন, “বনধের দিন তিপরা মথার পিকেটিং আটকাতে পুলিশ কোথায় ছিল? এখন আমি সাংগঠনিক কাজে যাচ্ছি, আমাকে কেন আটকানো হল?”

পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “আপনারা সরকারের অংশ নন, বরং সরকারই আপনাদের অংশ হয়ে গিয়েছে। সরকারকে শেষ করে দেওয়ার নাটক আজ আমার গাড়ি আটকে মঞ্চস্থ করা হয়েছে।” তাঁর মন্তব্যে উপস্থিত আধিকারিকদের মধ্যে অস্বস্তি ছড়ায়।

তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি কর্মীরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছেন, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের শৈথিল্যেই রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ঘটনার পর তাঁর কনভয় ছেড়ে দেওয়া হয় এবং তিনি ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। তবে তাঁর তীব্র মন্তব্যে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় মহলের একাংশের মতে, এই ক্ষোভ সংগঠনের অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *