জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা সরকার এবার প্রতিবেশী দেশ নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নিয়েছে। এই সংক্রান্ত বৈঠক ইতিমধ্যেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার, এমনই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
তিনি আগরতলার গোকুলনগর রাস্তারমাথা ক্রীড়াঙ্গনে এনইআর পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় নির্মিত ১৩২ কেভি গোকুলনগর সাব-স্টেশন উদ্বোধনে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ৪৩.৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পরিষেবা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে বিশালগড়, অফিস টিলা, সেন্ট্রাল জেল, গোলাঘাটি, মধ্যপুর, শেখেরকোট, ফুলতলি, বিক্রমনগর, কমলাসাগরসহ প্রায় ৪৮,৭৪০টি পরিবার উপকৃত হবেন।
