কৈলাসহর কলেজ সংলগ্ন রাস্তার বেহাল দশায় দুর্ভোগে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা

কৈলাসহর কলেজ সংলগ্ন প্রধান রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে রাস্তাটি জলকাদায় পরিণত হয়েছে, যার ফলে কলেজ পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ সংলগ্ন এই রাস্তাটি বহুদিন ধরেই সংস্কারের অভাবে ভেঙে পড়েছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, ভাঙা কালভার্ট এবং অপর্যাপ্ত নিকাশির কারণে জল জমে থাকে, যা মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

কৈলাসহর কলেজের একাধিক ছাত্রছাত্রী জানিয়েছেন, প্রতিদিন হাঁটতে গিয়ে বা সাইকেলে কলেজে পৌঁছাতে গিয়ে তাদের কাদা ও জল ঠেলে যেতে হয়। এক ছাত্রীর কথায়, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া মানে একপ্রকার যুদ্ধ। পা পিছলে পড়ে যাওয়ার ভয় তো রয়েছেই, তার উপর জামাকাপড় নোংরা হয়ে যায়।”

ডোলুচড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও একই সমস্যার কথা জানিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “দুই দশকের বেশি সময় ধরে এখানে থাকছি, কিন্তু এমন অবস্থায় রাস্তা কখনও দেখিনি। মাঝখানের কালভার্টটি ভেঙে গেছে, গাড়ি চলাচল প্রায় অসম্ভব। বহুবার পৌরসভায় জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে জনসাধারণের মধ্যে। অনেকেই জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনে নামবেন। ছাত্র ইউনিয়ন ও স্থানীয় নাগরিক সংগঠনগুলোও প্রশাসনের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *