পাক অধিকৃত কাশ্মীরে আবারও বিস্ফোরিত জনরোষ। মৌলিক অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নামতেই ভয়াবহ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা বনাম পাকিস্তানি বাহিনী। দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত আট জন। ঘটনার দায় পাকিস্তানের কাঁধে চাপিয়ে এবার সরাসরি আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জবাবদিহি দাবি করল ভারত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথায়, ‘‘পাক অধিকৃত কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে ইসলামাবাদ। সেখানকার সাধারণ মানুষকে দমন করতে নৃশংসতা চালানো হচ্ছে। এই ঘটনাই পাকিস্তানের দমননীতির প্রমাণ।’’
স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন সংগঠনকে একত্র করে গঠিত আওয়ামী অ্যাকশন কমিটি (এএসি)-র নেতৃত্বেই আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্লোগানে মুখরিত হয় রাস্তাঘাট— শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেনা-আধাসেনা নামিয়ে দেয়। অভিযোগ, নির্বিচারে গুলি চালানো হয়, যাতে প্রাণ হারান বহু সাধারণ মানুষ।
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা আংশিকভাবে বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।
