লাস ভেগাস, ১৩ সেপ্টেম্বর — বক্সিং জগতের দুই মহারথী, সাউল ‘কানেলো’ আলভারেজ ও টেরেন্স ক্রফোর্ড, আজ রাতে মুখোমুখি হতে চলেছেন লাস ভেগাসের অ্যালিজিয়ান্ট স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, এবং অনেকেই বলছেন, এটি হতে পারে লাস ভেগাসের ইতিহাসে অন্যতম বৃহৎ ও স্মরণীয় বক্সিং লড়াই।
এই প্রথমবারের মতো অ্যালিজিয়ান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে কোনো বড় বক্সিং ম্যাচ। কানেলো, যিনি ইতিমধ্যেই চারটি ভিন্ন ওজন শ্রেণিতে ১১টি বিশ্ব খেতাব জিতেছেন, এবার তার অপরাজিত প্রতিদ্বন্দ্বী ক্রফোর্ডের মুখোমুখি হচ্ছেন সুপার মিডলওয়েট বিভাগে। ক্রফোর্ড ইতিমধ্যেই দুটি ওজন শ্রেণিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এবং এবার তৃতীয় বিভাগে সেই কৃতিত্ব অর্জনের লক্ষ্যে রিংয়ে নামছেন।
উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছে $৩২৪ থেকে এবং ১০০-লেভেল আসনের জন্য খরচ পড়ছে $৬১৫ পর্যন্ত। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে Netflix-এ, যেখানে কোনো অতিরিক্ত পে-পার-ভিউ চার্জ লাগবে না।
বক্সিং বিশ্লেষকরা বলছেন, এই ম্যাচে রয়েছে সব উপাদান—দুই ভিন্ন ঘরানার ফাইটার, দুই ভিন্ন ফ্যানবেস, এবং দুইজনেরই হাফ অফ ফেম-যোগ্য ক্যারিয়ার। UFC প্রেসিডেন্ট ডানা হোয়াইট ও সৌদি আরবের রিয়াধ সিজন এই ম্যাচের প্রমোশন করছে, যা আরও আন্তর্জাতিক গুরুত্ব এনে দিয়েছে।
কানেলো বলেছেন, “এই ম্যাচ আমার ক্যারিয়ারের অন্যতম বড় লড়াই।” অপরদিকে ক্রফোর্ডের মন্তব্য, “এই লড়াই নিয়ে গোটা বিশ্বে আলোচনা চলছে। এটি বিশাল কিছু”।
এই ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং বক্সিং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। লাস ভেগাস, যাকে বলা হয় “Fight Capital of the World”, আজ আবারও সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক রাতের।
