১৬ কোটি টাকার জালিয়াতিতে ইউকো ব্যাঙ্ককে দায়ি করলেন আগরতলা মেয়র দীপক মজুমদার

আগরতলা পুর নিগমের ১৬.৩৮ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সরাসরি ইউকো ব্যাঙ্ককে এই জালিয়াতির জন্য দায়ী করেছেন এবং দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে পুর নিগমের কোনও কর্মী জড়িত নয়।

মেয়র জানান, ইউকো ব্যাঙ্কের মাসিক রিপোর্ট প্রকাশের পর দেখা যায়, চারটি পর্যায়ে মোট ১৬ কোটি টাকার বেশি অর্থ জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। এই অর্থ উত্তোলনের জন্য ছয়টি নকল চেক ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে RTGS পদ্ধতিতে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চেকগুলিতে আগরতলা পুর নিগমের প্রাক্তন এক আধিকারিকের স্বাক্ষর নকল করা হয়েছে, অথচ আসল চেকগুলি এখনও নিগমের হেফাজতেই রয়েছে।

তদন্তে উঠে এসেছে, হায়দ্রাবাদ থেকে পরিচালিত একটি তথাকথিত সংস্থা এই জালিয়াতির সঙ্গে যুক্ত, এবং তারা নিগমের প্রতিনিধির ছদ্মবেশে ব্যাঙ্কে গিয়ে চেক জমা দিয়েছে। ইউকো ব্যাঙ্কের কামান চৌমুহানি শাখার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ এখন অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

মেয়র দীপক মজুমদার বলেন, “আগরতলা পুর নিগমের কোনও টাকা জালিয়াতি হয়নি। যা হয়েছে, তা হয়েছে ইউকো ব্যাঙ্ক থেকেই। আমরা ব্যাঙ্ককে অনুরোধ করেছি যেন পুরো টাকা নিগমের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়।” তিনি আরও জানান, এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল, এবং তখনও ব্যাঙ্ক পুরো টাকা ফেরত দিয়েছিল।

এই ঘটনার পর রাজ্য পুলিশ একটি FIR দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ আশাবাদী, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে।

এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *