গোমতী জেলার হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিদিশা মজুমদারকে ২০২৫ সালের মর্যাদাপূর্ণ জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন।
দেশজুড়ে ৪৫ জন অসামান্য শিক্ষককে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক একটি মেধার শংসাপত্র, একটি রৌপ্য পদক এবং ৫০,০০০ টাকা নগদ পুরস্কার পাবেন। পুরস্কার প্রদানের সময় তাঁদের নয়াদিল্লিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষিকা বিদিশা মজুমদারের এই সাফল্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “২০২৫ সালের মর্যাদাপূর্ণ জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় ত্রিপুরার গোমতী জেলার হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিদিশা মজুমদারকে আন্তরিক অভিনন্দন। এই অসাধারণ সাফল্য অবশ্যই শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই অনুপ্রাণিত করবে, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনে উৎসাহিত করবে।”
