ত্রিপুরার খোয়াই জেলার তুলাশিখর এলাকায় ঘটে গেল এক নারকীয় ঘটনা, যা রাজ্যের বিবেককে নাড়িয়ে দিয়েছে। রাজ্যের গর্ব হিসেবে পরিচিত টিএসআর বাহিনীর এক জওয়ান রথীন্দ্র দেববর্মার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজের এক বছরের শিশুকন্যাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছেন। শিশুটির একমাত্র “অপরাধ”—সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে।
শিশুর মা অভিযোগ করেন, তাঁর স্বামী রথীন্দ্র দেববর্মা দীর্ঘদিন ধরে ছেলে সন্তান না হওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন, তখনই রথীন্দ্র শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যান। পরে খবর আসে যে শিশুটি মৃত অবস্থায় জিবি হাসপাতালের মর্গে রয়েছে। সন্তানহারা মা পাগলের মতো ছুটে যান হাসপাতালে, কিন্তু কে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেল, কোন চিকিৎসক দেখেছেন—সে বিষয়ে কিছুই জানেন না তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতাল চত্বরে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। রথীন্দ্র দেববর্মাকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে থানায় নিয়ে যায়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই ঘটনা ত্রিপুরার সমাজে নারী শিশুর নিরাপত্তা ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে নতুন করে প্রশ্ন তুলেছে। এক নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যুর বিচার চেয়ে জনমত ক্রমেই জোরালো হচ্ছে।
