আগরতলা, ১৬ জুলাই ২০২৫ — ত্রিপুরার মহারাজগঞ্জ বাজারে ₹৩৫ কোটি ব্যয়ে একটি মর্ডান ফিস মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, যা রাজ্যের মৎস্য ব্যবসায়ীদের জন্য একটি যুগান্তকারী পরিকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার বাজার পরিদর্শনকালে এই তথ্য জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী জানান, বাজারের অধিকাংশ ব্যবসায়ী এসসি সম্প্রদায়ভুক্ত, এবং তাঁদের জন্য এসসি ওয়েলফেয়ার দপ্তর একটি প্রকল্পের আওতায় এই আধুনিক বাজার নির্মাণ করছে।
প্রকল্পের আওতায় নির্মিতব্য বাজারটি হবে তিন তলা বিশিষ্ট (জি+২), যাতে থাকবে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আধুনিক সুবিধা। ইতিমধ্যে ₹৭ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সংশ্লিষ্ট আধিকারিকরা বাজারের পরিকাঠামো ও নকশা চূড়ান্ত করতে কাজ শুরু করেছেন।
মন্ত্রী আরও জানান, মাছ বিক্রির জন্য সরকারি এপেক্স কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যাতে ডুম্বুর জলাশয় থেকে উৎপাদিত মাছ রাজ্যের বাইরে না গিয়ে রাজ্যের অভ্যন্তরেই বিপণন করা যায়। এই উদ্যোগ রাজ্যের মৎস্য উৎপাদন, বিপণন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে মহারাজগঞ্জ বাজার উত্তর-পূর্ব ভারতের অন্যতম আধুনিক মৎস্য বিপণন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
