আসাম সরকার বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে চিকিৎসা বিল পরিশোধ না হলেও মৃত রোগীদের মৃতদেহ আটকে রাখা যাবে না। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দিয়ে জানান, মৃত্যু শংসাপত্র জারির দুই ঘণ্টার মধ্যে মৃতদেহ হস্তান্তর করা বাধ্যতামূলক।
মুখ্যমন্ত্রী বলেন, “পেমেন্টের অবস্থা যাই হোক না কেন, হাসপাতালগুলোকে দুই ঘণ্টার মধ্যে মৃতদেহ হস্তান্তর করতে হবে। বিলম্ব হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এই নিয়ম কার্যকর করতে একটি ২৪x৭ টোল-ফ্রি হেল্পলাইন (১০৪) চালু করা হবে, যেখানে পরিবারগুলো অভিযোগ জানাতে পারবে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও হাসপাতালের অভিযোগ সেল দ্রুত ব্যবস্থা নেবে।
নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে লাইসেন্স স্থগিতাদেশ (৩ থেকে ৬ মাস) এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বারবার নিয়ম ভাঙলে হাসপাতালের স্থায়ী নিবন্ধন বাতিল হতে পারে।
এছাড়াও, বেসরকারি নার্সিং হোমগুলির জবরদস্তিমূলক আচরণ রোধে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) এবং নিয়ন্ত্রক ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এমন সব ঘটনা চার ঘণ্টার মধ্যে পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
