মর্মান্তিক: স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিক্ষকের। টাকারজলা থানাধীন গোলাঘাটি বাজার এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শিক্ষকের নাম কার্তিক দাস, তিনি মধ্য ঘনিয়ামাড়া এস.বি. স্কুলের শিক্ষক এবং ঐ এলাকারই বাসিন্দা ছিলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, স্কুল ছুটি শেষে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন কার্তিক দাস। গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে টাকারজলা-জম্পুইজলা সড়কে একটি রাবার বোঝাই বোলেরো গাড়ি উল্টো দিক থেকে দ্রুত গতিতে টাকারজলার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর স্কুটিকে ধাক্কা দেয়। ধাক্কা মেরেই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

রাবার বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় স্কুটিসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শিক্ষক কার্তিক দাস। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসার আগেই ঘাতক গাড়িটি উধাও হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কার্তিক দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মৃত শিক্ষকের দেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মপরিজন বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে এসেছেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *