কেরিয়ারে প্রথমবার কার্লসেনকে হারালেন ডি গুকেশ

কেরিয়ারে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় হারালেন ডি গুকেশ। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারালেন দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের বিরুদ্ধে ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। সেখান থেকে ফিরে আসেন ভারতীয় দাবাড়ু।

সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে খেললেও ম্যাচের শুরু থেকে দাপট দেখান কার্লসেন। ৩৪ বছরের নরওয়ের তারকাকে দেখে মনে হচ্ছিল, আরও একটা ম্যাচে গুকেশকে হারাবেন তিনি। কিন্তু ৪০ চালের পর খেলা ঘুরে যায়। ৪৪তম চালে ভুল করে বসেন কার্লসেন। শেষপর্যন্ত হার মানেন তিনি।

হারের পর টেবিলে সজোরে একটা ঘুষি মারেন কার্লসেন। তাতে দু’একটা ঘুঁটি টেবিল থেকে ছিটকে পড়ে নীচে। পরে অবশ্য এ ঘটনার জন্য গুকেশের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। অন্যদিকে গুকেশের যেন বিশ্বাস হচ্ছিল না, তিনি জিতে গিয়েছেন। চেয়ার ছেড়ে উঠে মুখে হাত দিয়ে সেখানেই কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। তারপর তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাবার বোর্ড গুছিয়ে রাখেন।

কিংবদন্তি সুজান পোলগার জানিয়েছেন, এটা কার্লসেনের কেরিয়ারের সবচেয়ে খারাপ হার। তিনি বলেন, “কার্লসেনকে ক্লাসিক্যাল দাবায় হারানো প্রায় অসম্ভব। ও খুব কমই ভুল করে। গুকেশের বিরুদ্ধে ও জয়ের কাছেও ছিল। কিন্তু গুকেশ হার মানেনি। লড়াই করে গিয়েছে। ফলে কার্লসেনও ধীরে ধীরে চাপে পড়েছে। সেটাই কাল হয়েছে। ও ভুল করেছে। এই হার ওর কেরিয়ারের সবচেয়ে খারাপ হার। আমি নিশ্চিত ও নিজের উপর রেগে আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *