ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন আজ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়।
এদিন টিংকু রায় সাংবাদিকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। পাশাপাশি, আগরতলায় সাংবাদিকদের আবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
শ্রী রায় আরও বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এই পেশায় যুক্ত প্রত্যেক সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্মেলনে তিনি সাংবাদিকতার নীতি, দায়বদ্ধতা এবং গণমাধ্যমের সমাজমুখী ভূমিকা নিয়ে তার ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এই মহান পেশায় নিয়োজিত সকল সংবাদকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সমাজের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি প্রণব সরকার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়াও, রাজ্য কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক অলোক ঘোষ এবং সহ-সভাপতি চিত্রা রায় প্রমুখ।
