ক্রিকেটের একাধিক নিয়ম পরিবর্তন করছে আইসিসি, পরিবর্তন ওয়ান ডের ক্রিকেটেও

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগামী মাস থেকে খেলার নিয়মে কিছু পরিবর্তন আনছে। আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চালু হবে নতুন নিয়ম। ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। গলের সেই ম্যাচ থেকেই শুরু হবে কনকাসন সাবের নতুন নিয়ম।

এবার থেকে যে কাউকে কনকাসন সাব হিসাবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলিকে পাঁচজন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটকিপার, একজন ফাস্ট বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন। সেই তালিকা থেকেই উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার নামাতে হবে। যেমন কোনও স্পিনার আহত হলে তাঁর পরিবর্তে ব্যাটার নামানো যাবে না। তালিকায় থাকা স্পিনারকেই নামাতে হবে। কনকাসন সাবের ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি।

ওয়ান ডের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে আইসিসি। এতদিন ওয়ান ডের ম্যাচের প্রতিটি ইনিংস খেলা হত দুই বলে। পিচের দুইপ্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হত। একেকটি বলে খেলা হত ২৫ ওভার করে। এবার থেকে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দু’টি বল ব্যবহার করা হবে। ৩৫তম ওভার থেকে একটি বলে খেলা হবে। ১৭ ওভার করে ব্যবহারের পর যে বলটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকবে, সেটি দিয়ে বাকি ১৬ ওভার খেলা হবে। বৃষ্টি বা অন্য কোনও কারণে ওভারের সংখ্যা কমে ২৫ বা তার কম হলে, পুরো ইনিংসই খেলা হবে একটি বলে।

ইনিংসের কোনও সময় বল পরিবর্তন করতে হলে, তুলনায় ভালো বল পাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বলটি পরিবর্তনের প্রয়োজন হবে, সেটি দিয়ে যত ওভার খেলা হয়েছে, অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্ত হিসাবে। যে বলে ৩৪ ওভারের পর খেলা হবে না, সেই বলটিও প্রয়োজনে পরিবর্ত হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে। ওয়ান ডে ক্রিকেটের নতুন নিয়মও শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকে। আগামী ২ জুলাই প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুইদল।

এছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়মেও কিছু পরিবর্তন করার কথা জানিয়েছে আইসিসি। তবে কী পরিবর্তন করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *