আইপিএলের এক ম্যাচে ব্যাট হাতে তিন কীর্তি কোহলির, একটি নজির গড়লো আরসিবিও

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। ২৭ বলে পূর্ণ করলেন অর্ধশতরান। আইপিএলে এই নিয়ে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬৩। আইপিএলে আর কোনও ক্রিকেটার এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। এবার তাঁকে টপকে গেলেন কোহলি।

লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রান
সংখ্যা ৬০২। আইপিএলের এক মরসুমে এই নিয়ে পাঁচ বার ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন কোহলি।

মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এ দিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হল ৯০০৪। তার মধ্যে আইপিএলে করেছেন ৮৫৭৯ রান। বাকি রান অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

এদিনের ম্যাচে আরসিবিও একটি নজির গড়েছে। এ বার সাতটি অ্যাওয়ে ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসাবে এক মরসুমে সব অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়েছে তারা। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *