পুকুরে মিলল তিন বছরের শিশুর নিথর দেহ, পাথালিয়াঘাটে শোকের ছায়া

ত্রিপুরার জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট এলাকার তারাপদ গ্রাম এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছরের শিশু রিমাই দেববর্মার মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রদীপ দেববর্মা ও শিবানী দেববর্মার একমাত্র সন্তান রিমাইয়ের বয়স ছিল মাত্র তিন বছর। অভাবের তাড়নায় মঙ্গলবার সকালে শিশুটির বাবা-মা তাকে ঠাকুমার কাছে রেখে বাঁশের করুল সংগ্রহ করার জন্য জঙ্গলে গিয়েছিলেন। সেই করুল বিক্রি করেই তাঁদের সংসার চলে।

স্থানীয় সূত্রে খবর, ঠাকুমার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় ছোট্ট রিমাই। কিছুক্ষণ পর রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে ফেরা এক ব্যক্তি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখেন। তৎক্ষণাৎ গ্রামে খবর দেওয়া হলে গ্রামবাসীরা ছুটে এসে রিমাইকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির নিথর দেহ যখন বাড়িতে আনা হয়, তখন কান্নায় ভেঙে পড়েন মা-বাবা, ঠাকুমা, ঠাকুরদা এবং অন্যান্য গ্রামবাসীরা। শোকের তীব্রতায় বারবার জ্ঞান হারাচ্ছেন রিমাইয়ের বাবা ও মা।

এই মর্মান্তিক ঘটনায় গোটা তারাপদ গ্রাম স্তম্ভিত। এলাকাবাসীর তরফে শিশুদের নিরাপত্তা এবং গ্রামীণ পরিবারগুলির জন্য আরও সচেতনতা ও সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *