৩১ বার এভারেস্ট জয় পঞ্চান্ন বছর বয়সি বৃদ্ধ শেরপার

আজ থেকে তিন দশক আগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন তিনি। তারপর থেকে আর থামানো যায়নি তাঁকে। সুযোগ পেলেই বেড়িয়ে পড়তেন। যেন এভারেস্টই তাঁর ঘরবাড়ি। তরতরিয়ে উঠে পড়তেন এভারেস্টে। পঞ্চান্ন বছর বয়সি সেই নেপালি ব্যক্তি হলেন কামি রিটা। যিনি মঙ্গলবার তাঁর ৩১তম এভারেস্ট যাত্রা শেষ করলেন। আবার গড়লেন নতুন নজির!

পর্বতারোহীদের কাছে কামি খুবই পরিচিত নাম। তাঁর অভিযাত্রী সংগঠক ‘সেভেন সামিট ট্রেকস’ কামির সাফল্যের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কামি রিটা শেরপাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি এভারেস্টের বিশ্বব্যাপী প্রতীক।’’ অনেকের কাছেই তিনি ‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত।

১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় প্রথম বার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন কামি। তারপর আর থামেননি। প্রতি বছরই এভারেস্ট চড়তে বেড়িয়ে পড়তেন তিনি। এভাবেই একের পর এক রেকর্ড লেখা হয়েছে তাঁর নামের পাশে। তবে কামি এই সব নিয়ে উদাসীন। গত বছর তিনি যখন ৩০তম বার এভারেস্ট ছুঁয়ে ফেরেন তখন তাঁকে রেকর্ডের কথা জিজ্ঞেস করা হলে তিনি সরলভাবে বলেন, ‘‘আমি কাজের জন্য এভারেস্ট চড়ি। কোনও রেকর্ড গড়ার জন্য নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *