প্লে-অফের আগে বেঙ্গালুরু দলে এলেন নতুন বোলার

আইপিএলের প্লে-অফে আগেই জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবেন কোহলিরা। গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বের মাঝেই শিবির ছাড়বেন এক বোলার।

আইপিএলের শেষ পর্যন্ত থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড পাড়ি দেবেন এই বোলার। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেই শিবির ছাড়তে পারেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে আরসিবি কর্তৃপক্ষ দলে নিয়েছেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে। ৭৫ লাখ টাকা খরচ করে অস্থায়ী পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে তাঁকে।

ইংল্যান্ড থেকে বেঙ্গালুরু এসেছেন মুজারাবানি। জিম্বাবোয়ের সফলতম বোলার হিসাবে সুনাম রয়েছে তাঁর। বেন স্টোকসদের বিরুদ্ধে চার দিনের টেস্টে ১৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। জিম্বাবোয়ের হয়ে ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট নিয়েছেন মুজারাবানি। ১৩টি টেস্ট এবং ৫৫টি এক দিনের ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এনগিডি চলে গেলেও বেঙ্গালুরুর অবশ্য খুব একটা সমস্যা হবে না। কারণ কাঁধের চোট সারিয়ে ফিরে এসেছেন জশ হ্যাজলউড। প্লে-অফ পর্বের বোলিং নিয়ে তাই তেমন উদ্বেগ নেই বেঙ্গালুরু দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *