মাত্র ৫৪-য় প্রয়াত অভিনেতা মুকুল দেব

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তিনি! বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই অবাধ আনাগোনা ছিল তাঁর। প্রথম ছবি ‘দস্তক’-এ অভিনয়ের মধ্য দিয়ে নজরে আসেন তিনি। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’– এ তাঁর অভিনয় দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় ছিলেন জিৎ।

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরি দেব ছিলেন সেই সময়কার সহকারী পুলিশ কমিশনার। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মুকুলের প্রাথমিক পরিচিতি গড়ে ওঠে তাঁর বাবার হাতেই। হরি দেব মুকুলকে পরিচয় করিয়েছিলেন আফগান সংস্কৃতির সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পুশতু ও ফার্সি ভাষায়ও সমান পারদর্শী ছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা। এছাড়াও মুকুল ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *