এখনও বাকি আইপিএল! এর মাঝেই ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুভমানের

শুভমান গিলের নেতৃত্বে আইপিএলে গুজরাত টাইটান্স প্লে-অফে জায়গা করে নিয়েছে। ট্রফি জেতারও দাবিদার তারা। এর মাঝে আসন্ন ইংল্যান্ড সিরিজও মাথায় রয়েছে শুভমানের। সেকারণে আইপিএলের মাঝেই চুপিসারে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

সম্প্রতি গুজরাতের অনুশীলনে শুভমানকে লাল বলে ব্যাট করতে দেখা গিয়েছে। সীমিত ওভারের ক্রিকেট হয় সাদা বলে। তাই শুভমানের লাল বলে অনুশীলন দেখে মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজ এখন থেকেই তাঁর মাথায় ঘুরতে আরম্ভ করে দিয়েছে।

ইংল্যান্ড সিরিজে শুভমানের কাঁধে গুরুদায়িত্ব আসতে পারে। টেস্টে অধিনায়ক করা হতে পারে তাঁকে। আগামী শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। সেখানেই সম্ভবত শুভমানের নাম নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে।

যদিও তাঁকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হবে কিনা এখনও তা ঠিক নেই। তবে আইপিএলে গুজরাতের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর মস্তিষ্ক। চলতি আইপিএলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করেছে গুজরাত। এখনও তাদের দু’টি ম্যাচ বাকি। গুজরাত খেলবে চেন্নাই এবং লখনউয়ের বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে আহমেদাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *