রোদে বেরোলেই প্রবল তাপে জ্বলছে মুখ! সমস্যার সমাধান আছে হাতের কাছেই

তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। রোদে বেরোলেই ত্বকে জ্বালা ধরছে। সানস্ক্রিন, ছাতা, টুপি ব্যবহার করেও অনেক সময় এই সমস্যা এড়ানো যায় না। ঠান্ডা জলের ঝাপটায় খানিকটা স্বস্তি মিললেও, এতে মুখের কালচে ভাব দূর হয় না।

ত্বকের জ্বালা ভাব কমাতে এবং একইসঙ্গে কালচে ভাব দূর করতে, বেছে নিতে পারেন ঘরোয়া প্যাক। গরমের দিনে মুখের যত্ন নিতে এমন প্যাক মাখলে মুহূর্তের মধ্যে ঠান্ডা এবং স্বস্তি বোধ হবে।

চন্দন এবং গোলাপ জল

মুখে ব্রণ, ফুস্কুড়ি বের হলে ব্যবহার করতে পারেন চন্দনগুঁড়ো। ২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মিশ্রণটি মুখে মেখে রাখুন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। চন্দনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। এই প্যাক ব্রণ, ফুস্কুড়ি কমানোর পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করবে।

অ্যালোভেরা এবং পুদিনা

মুখের জ্বালা ভাব কমাতে অত্যন্ত উপকারী অ্যালোভেরা জেল। পুদিনার ব্যবহারে ত্বকে আরাম বোধ হয়। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েকটি পুদিনা পাতা থেঁতো করে নিন। উপকরণ দুটি ভাল করে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ১০-১৫ বাদে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি এবং ডাবের জল

মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিতে সহায়ক। ডাবের জল দাগ-ছোপ দূর করতে সাহায্য করে। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৩-৪ টেবিল চামচ ডাবের জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুহূর্তেই মুখের জ্বালা ভাব কমিয়ে দেবে এই প্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *