জলের মধ্যে সন্তান প্রসব প্রসঙ্গে মুখ খুললেন কল্কি কেঁকলা

কল্কি কেঁকলা, বলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই ছকভাঙার অভ্যাস তাঁর শুধু পর্দায় নয়। বরং নিজের জীবনেও। গাই হার্শবার্গকে বিয়ে করার পর ২০২০ সালে তাঁরা জন্ম দেন কন্যা স্যাফোর। আর তা নিয়েই সমালোচনার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।
কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে। পশ্চিমা বিশ্বের দেশগুলিতে অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক প্রসবের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সে ক্ষেত্রে জলপ্রসব বা ওয়াটারবার্থের দিকে ক্রমশ ঝোঁক বাড়ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কল্কি বলেন, “আমার মনে হয়, এটা প্রাথমিক পদ্ধতি হওয়া উচিত সন্তান প্রসবের। জলপ্রসব শরীরের জন্য অনেক সহজ ও আরামদায়ক। প্রাকৃতিক ভাবে সন্তানের জন্ম হচ্ছে। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সন্তানের জন্যও এই পদ্ধতি নিরাপদ।” পাশাপাশি কল্কি এ-ও বলেন, মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তাঁর কথায়, “জানি না কেন মানুষ জলপ্রসবের কথা ভাবেন না! অনেকেই বিষয়টি জানেন না। এমনটা নয় যে এটা খুব অবৈজ্ঞানিক পদ্ধতি। হাসপাতালেও এই পদ্ধতি অবলম্বন করা হয়। তবে একটু খরচ সাপেক্ষ।”
জলপ্রসব বা ‘ওয়াটার বার্থ’-এ সাধারণত জলাশয়ের মধ্যে প্রসব হয়। অনেকেই মনে করেন প্রসবকালীন বেদনা থেকে রেহাই দিতে পারে জলের উষ্ণতা। তা ছাড়া জলের মধ্যে থাকায় শিশুর নির্গমনও সহজ হতে পারে, ফলে প্রসূতি কম কষ্ট পান। কল্কি বলেন, “এই পদ্ধতি অনেক আরামদায়ক। আমি তো মনে করি এটাই প্রসব পদ্ধতি হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *