সংবিধান রক্ষার দাবিতে প্রদেশ কংগ্রেস ঘোষিত ‘সংবিধান বাঁচাও অভিযান’-এর অঙ্গ হিসাবে ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহনীতে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ অসংখ্য দলীয় কর্মী-সমর্থক। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সুদীপ রায় বর্মণ। মিছিল চলাকালীন উত্তেজিত কর্মীদের শান্ত রাখতে এবং আন্দোলন সুশৃঙ্খল রাখতে সহযোগিতা করেন তিনি। পাশাপাশি দলের কর্মীদের নিয়ন্ত্রণে এনে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
নেতাজি চৌমুহনীস্থ আয়কর ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় উত্তেজনা চরমে ওঠে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকেও বলপ্রয়োগ করা হয়।
কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমান সরকার গণতন্ত্র ও সংবিধানকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে এই আন্দোলন। আগামিদিনে আন্দোলনের ধার আরও তীব্র হবে বলে জানিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেস।
