ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গ্রামবাসীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ ঘটেছে। বিশালগড় এসডিএম অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস ও টাকারজলা থানার পুলিশ সিপাহিজলা মারাক পাড়া মুরগী ফার্মে হানা দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
গ্রামবাসীদের অভিযোগ ছিল, এই ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাদের বাড়িঘরে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা শিশু থেকে বড়দের অসুস্থ করে তুলছে। পরিস্থিতি শোনার পর প্রশাসনের কর্তারা দ্রুত সেখানে পৌঁছান। এদিকে, আরও অভিযোগ উঠে আসে যে, নেতা রতন দেবনাথের পার্টনার প্রনব মারাক গ্রামবাসীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, ফার্ম কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হবে, যাতে গ্রামবাসীরা মশা-মাছির উপদ্রব থেকে মুক্তি পায়। তিনি আরও বলেন, এলাকার অন্যান্য সমস্যাও সমাধান করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
