জাপানের মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ ভারতে তাদের পরিবেশবান্ধব ব্যবসার উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। সংস্থাটি সেমিকন্ডাক্টর এবং ইভি (ইলেকট্রিক ভেহিকল) শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনে বিনিয়োগের কথা বিবেচনা করছে।
কলকাতায় বুধবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপের ডিরেক্টর অফ দ্য বোর্ড, প্রেসিডেন্ট এবং সিইও মানাবু চিকুমোতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাটার্জি গোষ্ঠীর চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত চিকুমোতো হলদিয়ায় এমসিপিআই-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, যা পরে চ্যাটার্জি গোষ্ঠী অধিগ্রহণ করে।
বর্তমানে মিৎসুবিশির রাজস্থানের নিমরানাতে গাড়ি নির্মাণের জন্য পলিপ্রোপিলিন উৎপাদনের কারখানা রয়েছে। এছাড়া পুনে এবং গুজরাটে সংস্থার ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ও কম্পাউন্ডিং ব্যবসাও পরিচালিত হচ্ছে। চিকুমোতো জানান, সেমিকন্ডাক্টর এবং ইভি সাপ্লাই চেনে বিভিন্ন পণ্য তৈরিতে সংস্থাটি জোর দিচ্ছে এবং এই ক্ষেত্রে ভারতে বিনিয়োগের পরিকল্পনা করছে। ভারত সরকার ইভি তৈরির পাশাপাশি জাতীয় সুরক্ষার স্বার্থে দেশে সেমিকন্ডাক্টর উৎপাদনের উপর গুরুত্বারোপ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মিৎসুবিশি ভারতে মোনো মিথাইল অ্যাক্রিলেট (এমএমএ) উৎপাদনের পরিকল্পনা করছে। বর্তমানে সংস্থার সৌদি আরব ও সিঙ্গাপুরে এমএমএ উৎপাদন কারখানা রয়েছে। পলিমার, পেইন্ট, অ্যাডেসিভ এবং কোটিংস তৈরিতে এমএমএ ব্যবহৃত হয়। নতুন কারখানা নির্মাণে কতটা অর্থ লগ্নি হবে, এমন প্রশ্নে চিকুমোতো জানান, এটি নির্ভর করছে কারখানাটি গ্রিনফিল্ড হবে নাকি যৌথ উদ্যোগে নির্মিত হবে।
