জেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস সিপিএমের মতোই বিজেপি সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে কংগ্রেস আমলে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে, যা মানুষ এখনও ভুলে যায়নি।
তিনি জানান, বিজেপি সরকারের সময়ে ১৭,৬৪৫ জনের চাকরি হয়েছে, যা সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে হয়েছে। তিনি কংগ্রেস আমলের দুর্নীতির উদাহরণ দিয়ে বলেন, ১৯৯০ সালে টিসিএস এবং টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছিল। এমনকি বিয়েতে চাকরির অফার উপহার হিসেবে দেওয়া হতো।
নবেন্দু ভট্টাচার্য আরও বলেন, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে গোপন সম্পর্ক ছিল, যা লেনদেন ও ভাগাভাগির মাধ্যমে পরিচালিত হতো। তিনি ১৯৯৩ সালের বিভিন্ন দুর্নীতির ঘটনা তুলে ধরে বলেন, খাদ্য কেলেঙ্কারি, পাঠ্যপুস্তক কেলেঙ্কারি এবং বিভিন্ন স্কিমের টাকা লোপাটের মতো ঘটনা সেই সময়ে ঘটেছে।
তিনি দাবি করেন, বিজেপি সরকারের আমলে রাজ্যে সন্ত্রাস বন্ধ হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে এবং যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। তিনি কংগ্রেসের জমায়েতকে দুর্বল বলে উল্লেখ করে বলেন, বিজেপির জমায়েতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। এদিন তিনি কংগ্রেসের অভিযোগ খণ্ডন করে তাদের তীব্র সমালোচনা করেন।
