ব্ল্যাকমেল করে বারবার টাকা হাতানোর চেষ্টা, আটক ত্রিপুরার যুবক

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে ত্রিপুরা রাজ্যের এক যুবক আটক। সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানা এলাকার দেবাশিস সূত্রধর নামের এক যুবকের। পরে ওই যুবতীর সঙ্গে ভিডিওকলের মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন ধরনের ছবির স্ক্রিনশট নেন। পরবর্তী সময়ে ওই ছবিগুলি দিয়ে যুবতীকে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে প্রচুর টাকা আদায় করেছেন এবং আরও টাকা আদায় করার চেষ্টা করছিলেন যুবতীর কাছ থেকে।

এই অভিযোগ এনে পশ্চিমবঙ্গের যুবতী ত্রিপুরা রাজ্যের যুবক দেবাশিস সূত্রধরের বিরুদ্ধে বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের করেন। পশ্চিমবঙ্গের পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গের দু’জন পুলিশ আধিকারিক আসেন। তাঁরা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানায় গিয়ে ত্রিপুরা পুলিশের সাহায্যে অভিযুক্ত যুবককে বিশ্রামগঞ্জ বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে আটক করে, সোজা থানায় নিয়ে আসেন।

মঙ্গলবার রাতে যুবককে পশ্চিমবঙ্গের পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ হেফাজতে রেখে দেয়। বুধবার সকালে পশ্চিমবঙ্গের পুলিশ ব্ল্যাকমেলিংয়ের অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা থেকে আটক যুবককে আদালতের কাছে ট্রানজিট রিমান্ডের অনুমতি চেয়ে, বিমানে করে পশ্চিমবঙ্গে নিয়ে যাবেন বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *