২৩ জুন ফের পরীক্ষা NEET-র, বাতিল হল ১৫৬৩ পরীক্ষার্থীর মার্কশিট

নিট  পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মাঝেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থী, যারা নিট পরীক্ষায় (NEET-UG 2024) ‘গ্রেস মার্কস’ পেয়েছিলেন, তাদের স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চরম দুর্নীতির অভিযোগ উঠেছে এবারের নিট পরীক্ষার ফল প্রকাশ হতেই।  নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হতেই এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে জানানো হল, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল পরীক্ষায় অতিরিক্ত সময় ব্যয়ের ক্ষতিপূরণ হিসাবে। কমিটির তরফে ওই ১৫৬৩ জন পরীক্ষার্থীর স্কোরকার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীদের স্কোরকার্ড বাতিল করা হচ্ছে, তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী ২৩ জুন এই পরীক্ষা হবে। এবং ৩০ জুন পরীক্ষার ফল প্রকাশ হবে।

গত ৫ মে নিট পরীক্ষা হয়। দেশ জুড়ে ৪৭৫০ সেন্টারে মোট ২৪ লক্ষ পরীক্ষার্থীরা ডাক্তারির পরীক্ষায় বসে। ১৪ জুন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও, গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ হয়। রেজাল্ট বের হতেই দেখা যায়, ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ তে ৭২০ পেয়েছে। এর মধ্যে ৬ পরীক্ষার্থীই আবাক হরিয়ানার ফরিদাবাদের একই সেন্টারের। এরপরই দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি প্রশ্ন ওঠে গ্রেস মার্কস নিয়েও। নিটের ফলাফল নিয়ে দেশের ৭টি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *