জুনের শুরুতে শেষদফা ভোট। আর সুরাপ্রেমীদের জন্য ভোটই দুঃখের কারণ হয়ে উঠেছে। ভোটের কারণে বন্ধ মদের দোকান। তাও আবার একদিন নয়, জুন মাসের প্রথম সপ্তাহেই ৬দিন বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ প্রায় গোটা সপ্তাহটাই বন্ধ থাকবে মদের দোকান। এই খবর পাওয়ার পর দুঃখের শেষ নেই সুরাপ্রেমীদের।
ভোট থাকার কারণে স্বাভাবিকভাবেই যে রাজ্যগুলিতে ভোট, সেখানে বন্ধ থাকবে মদের দোকান। কিন্তু একদিনই নয়, একটানা বন্ধ থাকছে মদের দোকান। কর্নাটকে ৬ দিন বন্ধ থাকবে মদের দোকান। ১ জুন থেকে আগামী ৪ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এবং কর্নাটক বিধান পরিষদ নির্বাচনের কারণে মদের দোকান বন্ধ থাকবে। আগামী ৬ জুনও মদের দোকান বন্ধ থাকবে কারণ সেদিন ভোট গণনা হবে।
জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী, নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি নিষিদ্ধ। এই সময়ের মধ্যে মদ উৎপাদন, বিক্রি, মদ নিয়ে যাওয়া, মদ মজুত রাখা নিষিদ্ধ। শুধুমাত্র মদের দোকানই নয়, ওয়াইন শপ, বার, হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রাইভেট জায়গাতেও মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তার কারণেই বৃহস্পতিবার-শুক্রবারে মদের দোকানগুলিতে ছিল চোখে পড়ার মতো ভিড়।
