কেন এখনও মধ্যবিত্ত জীবনযাপনে থাকেন বিজয় দেবেরাকোন্ডার?

সাফল্যের শিখর উঠলেও পা সব সময় মাটিতে। এই দক্ষিণী তারকা আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছেন, জীবন পালটে গিয়েছে। কিন্তু তিনি এখনও মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, “এখনও আমার শ্যাম্পুর বোতলে জল ঢেলে ব্যবহার করার অভ্যেস রয়েছে। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।”

শুধু তা-ই নয়, বিজয়ের জীবনযাপনে মধ্যবিত্ততার স্পষ্ট ছাপ রয়েছে নানাদিকে। ছবির প্রিমিয়ার বা অন্যান্য বড় অনুষ্ঠানে নির্দ্বিধায় হাওয়াই চপ্পল পরে চলে যান তিনি। পোশাকেও থাকে না বাহুল্যের ছোঁওয়া। ‘লাইগার’ ছবির প্রিমিয়ারে এই অবতারে দেখা মিলেছিল দেবেরাকোন্ডার। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিনি সেই পোশাকই বেছে নেন। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রত্যেক দিন ভিন্ন পোশাক ও জুতো বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই তাঁর কাছে প্রথম পছন্দ হাওয়াই চপ্পলই।

বিজয় কিছু দিন আগে পুরস্কার সংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন। নিজের অর্জিত পুরস্কারের প্রতি অভিনেতার বিশেষ আকর্ষণ নেই। কখনও তা নিলামে তোলেন, আবার কখনও সেটি অন্যকে দিয়ে দেন। এই অভিনেতা এমনই অদ্ভুত মনের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *