আরসিবিকে নিয়ে মহাতারকার বিস্ফোরক দাবি

বছর আসে, বছর যায়, ট্রফি কেন দেখা নেই? এ বার আর ক্রিকেটমহল নয়, অন্য জগতের মানুষজনও প্রশ্ন করছেন। প্রতি বছরই আইপিএলের আগে বলা হয়, এ বার চ্যাম্পিয়ন হবেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি কোনও দিন আইপিএল জিততে পারবে? বিরাট কোহলি প্রতি বারই চেষ্টা করেন। এ বারও করছেন। কিন্তু পুরো টিম চরম ব্যর্থ। ফাফ ডুপ্লেসি আর দীনেশ কার্তিককে বাদ দিলে কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। ঘরের মাঠে সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলেন আরসিবি। পরিস্থিতি  এমন দেখে, বিস্ফোরক দাবি করে বসলেন মহেশ ভূপতি।

মহেশ হচ্ছেন ভারতীয় টেনিসের কিংবদন্তি ।  তিনি বেঙ্গালুরুর ছেলে ।বিশ্ব টেনিসে হইচই ফেলে দিয়েছিলেন এক সময় তিনি। সেই মহেশ বলে দিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়া। মহেশের সোজা যুক্তি, ‘খুব দুঃখজনক। খেলার দিক থেকে, আইপিএল এমনকি সমর্থকদের দিক থেকে ভাবলে, আমার মনে হয় বিসিসিআইয়ের উচিত আরসিবি বিক্রি করে দেওয়া। নতুন কোনও মালিক যত্ন নিয়ে একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে। যেটা আইপিএলের অন্য টিমগুলো করতে পেরেছে।’

আরসিবির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে হায়দরাবাদ। ট্রেভিস হেড বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। প্রতি ওভারে গড়ে তিনটে করে ছয় মেরেছেন। বিরাটের টিমের যে প্ল্যান বি বলে কিছু ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে। তাঁরা ৭টা ম্যাচ খেলে ৬টাতেই হেরেছে। অনায়াসে বলে দেওয়া যায়, এ বারও প্লে-অফ যাবে না আরসিবি। দর্শকরা প্রতি বছর আশা নিয়ে মাঠে যান, কিন্তু ফেরেন এক বুক হতাশা নিয়ে। সেই ছবি  বছরের পর বছরও পাল্টাচ্ছে না ।পয়েন্ট টেবলের একেবারে তলানিতে ঠেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *