ইরান হামলা করেছে ইজ়রায়েলের উপর এবং তারই পরিপ্রেক্ষিতে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন । আর এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া ভারত এবং ইজ়রায়েলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখার ঘোষণা করল ।
একটি বিবৃতি দ্বারা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং ইজ়রায়েলের অন্যতম প্রধান শহর তেল অভিভের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ ১৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজধানী দিল্লি থেকে ইজ়রায়েলের অন্যতম প্রধান শহরের মধ্যে প্রতি সপ্তাহে এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান যাতায়াত করে । এর আগে হামাস আক্রমণের সময় টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন উড়ান সংস্থা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজ়রায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। তবে গত ৩ মার্চ থেকে আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং যাত্রী সুরক্ষার স্বার্থে আবার পরিষেবা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হলে বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
তেহরান রবিবার সরাসরি ইজ়রায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর।আর এই আক্রমণের খবর পেয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতির খোঁজখবর নেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যায়। নেতানিয়াহু ইরানের হামলা প্রসঙ্গে জানিয়েছেন, তাঁদের উপর যারা হামলা চালাবে, তাদের জবাব দেবেন তিনি। কোনও রকম হুমকির সামনেই মাথা নত করবে না তাঁর দেশ । তবে নেতানিয়াহুর কথায় বিশেষ সায় দেননি বাইডেন। তিনি জানিয়ে দেন, ইরানের বিরুদ্ধে কোনও রকম আক্রমণাত্মক অভিযানে মদত দেবে না আমেরিকা। ইজ়রায়েলের উপর হানার ঘটনার সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ এবং ইউক্রেন। অপরদিকে, বিশেষজ্ঞদের অনুমান ইরান-ইজ়রায়েলের মধ্যে অস্থিরতার প্রভাব ভারতের শেয়ার বাজারেও পড়তে পারে।
