কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২, ঘটনা মর্মান্তিক

কয়লা খনিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। বহু শ্রমিক সেই সময় খনির ভিতরে ছিলেন। বুধবার সকালে এই বিস্ফোরণ হওয়ার পর সময় যত এগোয়, ততই বাড়তে থাকে মৃতের সংখ্যা। শেষ পর্যন্ত এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন সন্ধ্যায় বালুচিস্তানের প্রধান খনি আধিকারিক আব্দুল ঘানি বালোচ বলেন, উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। সকালে যখন বিস্ফোরণ হয় তখন ওই সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি। খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে এবং মিথেন গ্যাসের জেরেই খনিটিতে বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে। আব্দুল ঘানি বালোচ জানিয়েছেন, সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে।

আফগানিস্তানের সীমান্ত লাগোয়া অনেকগুলি কয়লা খনি রয়েছে পশ্চিম পাকিস্তানে। খনি শ্রমিকদের অভিযোগ, খনিগুলির অবস্থা খুবই খারাপ। তার মধ্যেই তাঁদের কাজ করতে হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় না বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *