২০২৫ থেকে ফুটবলের উন্নতিতে নতুন ভাবনা ফিফার

বর্তমানে এক বছর অন্তর অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়। তবে এ বার থেকে প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে ফিফা। ফিফা কর্তারা ২০২৫ সাল থেকে ৪৮টি দলকে নিয়ে প্রতি বছর ছোটদের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছেন।ফুটবলের উন্নতির স্বার্থেই এই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে ফিফা। বিশেষজ্ঞেরা মনে করছেন, প্রতি বছর বিশ্বকাপ হলে কিশোর ফুটবলারদের দক্ষতা আরও বেশি করে বিশ্বের সামনে প্রকাশিত হবে। তারা কম বয়সে বিশ্বের সেরা ক্লাবগুলির নজরে পড়লে সার্বিক উন্নতি হবে ফুটবলেরই।

 উদাহরণ হিসাবে উঠে এসেছে আন্দ্রে ইনিয়েস্তা, রোনাল্ডিনহো, আলেসান্দ্রো দেলপিয়েরোর মতো ফুটবলারদের নাম। এঁরা সকলেই নজর কেড়েছিলেন প্রথম অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ।২০২৩ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ বার হয়েছে । ২০২৫ সালে কাতারে বিশ্বকাপ হবে আর তারপর প্রতি  বছর ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করতে চায় । প্রাথমিক ভাবে টানা পাঁচ বছর এই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।এর ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিফা জানিয়েছে, এই প্রতিযোগিতার জন্য আয়োজক দেশগুলিকে আর নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে না।বর্তমানে যে আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে, তাইই ব্যবহার হবে  অনূর্ধ ১৭ বিশ্বকাপের জন্য। উল্লেখ্য ২০২৫ সাল থেকে শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদেরও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ প্রতি বছর হবে। ফুটবলের উন্নতির জন্য ২০২৬ সাল পর্যন্ত ২.২৫ বিলিয়ন ডলার  বিনিয়োগ করার কথা জানিয়েছে ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *