আই লিগে চার্চিলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের আরও কাছে মহমেডান

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে মহমেডান স্পোর্টিং আরও এক ধাপ এগিয়ে গেল ।  চার্চিল ব্রাদার্সকে সাদা-কালো শিবির ৩-২ গোলে হারাল। এই  জয়ের ফলে মহমেডানের পয়েন্ট হল ১৯ ম্যাচে ৪৪। পয়েন্টে দ্বিতীয় স্থানে শ্রীনিধি ডেকানের ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট।

মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে দু’দলই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে। শুরুতে দাপট বেশি ছিল গোয়ার দলটির। স্ট্যানলি ফার্নান্ডেজের গোলে ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় চার্চিল ব্রাদার্স। তবে লড়াই ছাড়েননি মহমেডান ফুটবলারেরাও। ২৮ মিনিটে এডি হার্নান্ডেজ সাদা-কালো শিবিরের পক্ষে গোল শোধ করেন ।হার্নান্ডেজ ৩২ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন । প্রথমার্ধের খেলা মহমেডানের অনুকূলেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও গোল করার জন্য মরিয়া ছিল দু’দলই ।ম্যাচের ৫১ মিনিটে চার্চিল ব্রাদার্স পেনাল্টি পায় ।মার্টিন চাভেস পেনাল্টি থেকে গোল করেন ।  আর গোলের মুখ খুলতে পারেনি গোয়ার দলটি।লালরেমসাঙ্গা ফানাইয়ের পা থেকে ৭১ মিনিটে মহমেডানের পক্ষে জয় সূচক গোলটি  আসে । এ দিনের জয় কলকাতার প্রধান ফুটবল ক্লাবকে চ্যাম্পিয়ন হওযার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *