প্রথমে পরিবেশ ও আবহাওয়া দেখে মনে হয়েছিল পেসারদের খেলতে সমস্যা হবে ব্যাটারদের। ইংল্যান্ডের দুই ওপেনারের সমস্যা কিছুটা হল । যশপ্রীত বুমরার এক দুটো বল তো বুঝতেই পারলেন না জ্যাক ক্রলি ও বেন ডাকেট। কিন্তু লড়াই করে ক্রিজ়ে টিকে থাকলেন তাঁরা। অর্ধশতরানের জুটিও বাঁধলেন। এরপর অর্ধশতরান করলেন ক্রলি।তবে ভারতকে খেলায় ফেরালেন কুলদীপ যাদব। তিনি জোড়া উইকেট নিলেন । প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেটে ১০০ রান ইংল্যান্ডের। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট নিতে এক সেকেন্ডও চিন্তা করেননি । বুমরার বল প্রথম দিকে একটু সুইং করছিল কিন্তু ক্রিজ়ে বাউন্স কম থাকায় ইংরেজ ব্যাটারদের সামলাতে সমস্যা হচ্ছিল না। কোনও বল ব্যাটের গোড়ায় পেলে বড় শট খেলতেও ভয় পাচ্ছিলেন না ডাকেট ও ক্রলি। ফলে রান নিতে কোন অসুবিধা হয়নি।
দুই পেসারের পরে স্পিনারদের হাতে বল তুলে দেন রোহিত। প্রথমে রবিচন্দ্রন এবং পরে কুলদীপ। ইংল্যান্ডের দুই ওপেনার ঝুঁকি নেননি, অশ্বিনের বল সাবধানে খেলেন । কিন্তু কুলদীপের প্রথম ওভারেই ডাকেট বড় শট খেলতে যান কিন্তু পিছন দিকে বেশ খানিকটা দৌড়়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন শুভমন গিল। ২৭ রানে ফিরে যান ডাকেট।
ক্রলি ভাল খেলছিলেন এবং তাঁকে যথাযোগ্য সঙ্গ দেন ওলি পোপ। অন্যান্য টেস্টের তুলনায় এক্ষেত্রে ইংল্যান্ডের রান তোলার গতি শুরুতে কম হলেও বেশি উইকেট পড়েনি। হাত জমে যাওয়ার পরে ক্রলি রান তোলার গতি বাড়ালেন। অশ্বিনের বলে বিশাল ছক্কা মারলেন। মধ্যাহ্নভোজের আগেই তিনি অর্ধশতরান করলেন । বিরতির ঠিক আগেই ইংল্যান্ডকে একটি ধাক্কা দিলেন কুলদীপ। তাঁর বলে খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন পোপ।
