ইতিহাসে এই প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করবেন কোন ভারতীয় বংশোদ্ভূত ।ইংলিশ প্রিমিয়ার লিগের তরফে বলা হয়েছে, আগামী উইকেন্ডেই ম্যাচ খেলাবেন সানি সিং গিল। ভারতীয় বংশোদ্ভূত সানির গোটা পরিবার রেফারিংয়ের সঙ্গেই জড়িত । তাঁর বাবা জার্নেল সিংয়ের ভারতে জন্ম গ্রহণ করেন। তবে তিন বছর বয়সেই লন্ডনে পাড়ি দেন জার্নেল এবং ২০০৪ থেকে সেখানেই রেফারিং শুরু করেন তিনি। ইংল্যান্ডের ফুটবলে রেফারি হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন জার্নেল সিং। প্রায় দুশোটি ম্যাচ খেলিয়েছেন তিনি। তিনি তাঁর দুই ছেলেকেও রেফারিংয়ে উৎসাহ দিয়েছেন। দুই ভাই-সানি ও ভূপিন্দরও বাবার পদাঙ্ক অনুসরণ করে রেফারিং শুরু করেছেন ।
ভূপিন্দর সিং ইতিমধ্যেই প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে ফেলেছেন। ইংল্যান্ডের জনপ্রিয়তম লিগে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার ইতিহাস গড়তে চলেছেন ছোটো ভাই সানি সিং গিল। শুধুমাত্র মাঠের ধারে রেফারিং নয়,তাঁর নাম রাখা হয়েছে প্যানেলে ম্যাচের প্রধান রেফারি হিসাবেই। তিনি ক্রিস্টাল প্যালেস বনাম লুটন টাউনের বিরুদ্ধে আগামী শনিবার লন্ডনে ম্যাচ খেলাবেন। সুতরাং প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রধান রেফারি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বাঁশি বাজাতে চলেছেন।
স্বভাবতই ইতিহাস গড়তে পেরে উচ্ছ্বসিত সানি সিং গিল। তিনি বলেন, তাঁদের বাড়িতে সবসময় ফুটবল নিয়ে আলোচনা চলত। শুধু প্রিমিয়ার লিগে রেফারিংই নয়, আগামী দিনে আরও বড় স্বপ্নও রয়েছে তাঁর। মাত্র ১৭ বছর বয়সেই রেফারিং শুরু করেছিলেন। ৩৯ বছরে এসে আরও উন্নতি করতে চান এই ভারতীয় বংশোদ্ভূত।
