শুক্রবার বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে আহতের সংখ্যা বেড়ে বর্তমানে ১০ হয়েছে। এই ঘটনার জেরে গোটা দেশে ছড়িয়েছে আতঙ্ক । এ বার দিল্লিতেও তার যেরে নিরাপত্তা জোরদার করল পুলিশ। রাজধানীতেও এমন হামলার ঘটনা ঘটতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাই দিল্লির বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে ।
দিল্লি পুলিশের একজন পদস্থ কর্তা বলেছেন, ‘‘জনবহুল এলাকা বিশেষ করে রাজধানীর বাজার ও তার সংলগ্ন এলাকাতে পুলিশি নজরদারি বাড়ান হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বাজার সমিতিগুলিকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোনও সন্দেহজনক কিছু যদি দেখতে পায়, তবে অবিলম্বে যেন তা স্থানীয় থানায় জানাতেও বলা হয়েছে।’’ এর পাশাপাশি বাজার এলাকার সিসিটিভিগুলি সক্রিয় আছে কি না, তা-ও দেখা হচ্ছে ।সূত্রে জানা জাচ্ছে যদি কোথাও বোমা বা বিস্ফোরক মেলে, তবে তা দ্রুত নিষ্ক্রিয় করারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বম্ব স্কোয়াডকে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর কুন্দালাহাল্লি এলাকার রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে কেঁপে ওঠে । কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিশ্চিত করেছেন , বিস্ফোরণ ঘটানোর জন্য একটি আইইডি ব্যবহার করা হয়েছিল। উপমুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, সিসিটিভিতে অভিযুক্তকেও শনাক্ত করা গিয়েছে। অভিযুক্তের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর। যদিও অভিযুক্তকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।
