বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তানের জল্পনা অনেক দিন ধরেই হচ্ছিল। ১৫ ফ্রেব্রুয়ারি জন্ম হয়েছে বিরাট পুত্র অকায়ের। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। পরে বাকি তিনটি টেস্টেও তিনি খেলবেন না বলেই জানিয়ে দেন। আর এই ঘোষণার পর সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে পুত্রসন্তান হওয়ার কথা নিজেই জানান বিরুষ্কা।
কন্যা ভামিকার জন্মের পরও তাকে জনসমক্ষে আনতে বেশ সময় নিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সমাজ মাধ্যমে পুত্রেরও কোনও ছবি দেননি বিরাট। কিন্তু অকায়কে এর মধ্যে আপন করে নিয়েছে চিন্নাস্বামী। আপন করে নিয়েছেন বিরাটের ভক্তেরাই। মহিলাদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে গ্যালারিতে অকায়ের নামের পোস্টার দেখা গেল। কোনও পোস্টারে, “আরসিবিতে অকায়কে স্বাগত।” আবার কোনও পোস্টারে, “আরসিবিতে অকায়” লেখা। সেই সঙ্গে দেওয়া সিংহের বাচ্চার একটি ছবি । এই সব পোস্টারের ছবিগুলি সমাজমাধ্যমে ভাইরাল।
সামনে আইপিএল এবং তার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে আবারও একবার ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে বিরাটকে। তবে এখনও তিনি লন্ডনেই রয়েছেন। অনুশীলনও শুরু করেননি আবার কবে তিনি মাঠে নামবেন, সে দিকেই তাকিয়ে তাঁর ভক্তরা।
